টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির বলে নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০২২ সালে মোটরসাইকেলটি কিনেছিলেন তাহসিফ। তবে এখনো সেটির নিবন্ধন করা হয়নি।
রোববার (১ নভেম্বর) পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তাহসিফ মিরপুর-২ নম্বরের একটি শোরুম থেকে মোটরসাইকেলটি কিনেছিলেন।
পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান জানান, তাহসিফ নিখোঁজ হওয়ার আগে বন্ধুর মতো সম্পর্কের এক ছোট ভাইয়ের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন। ওই ব্যক্তি আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গত বুধবার বিকেলে ঢাকার তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় পাওয়া যায় মোটরসাইকেলটি।
তাহসিফের মৃত্যুর ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা হয়েছে। মামলাটির তদন্ত করছে নৌ পুলিশ। এ মামলায় আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে চার দিনের রিমান্ডে রয়েছেন।