বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। তাহসিফের সঙ্গে উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়েছিলেন তিনি। এদিকে এ ঘটনায় তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে একই দিন মধ্যরাত থেকে চার দিনের রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। পুলিশ সুপার মামুন বলেন, তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপের সংশ্লিষ্টতার কিছু প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। রিমান্ডে তাঁকে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে এর বেশি কিছু জানানো সম্ভব নয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাহসিফের সার্বক্ষণিক সঙ্গী দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন তিনি।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে নিজের মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন তাহসিফ। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
এর আগে দীপ দাবি করেছিলেন, তাহসিফের সঙ্গে একটি রেস্তোরাঁয় রাতের খাবার খাওয়ার পর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তাঁদের বিচ্ছেদ হয়। তবে তদন্তে উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে তাহসিফের সঙ্গে দিশার উপস্থিতির তথ্য সামনে আসে।
বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, মাদক বিক্রির স্থান হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার বিষয়টি দীপ স্বীকার করেছেন। পরে পিবিআই কর্মকর্তারা তাঁকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। শুক্রবার রাতে তাহসিফের বাবা উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করলে দীপকে গ্রেপ্তার দেখানো হয়।
তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে নৌ পুলিশ।