ডিসেম্বর মাসকে লক্ষ্য করে দেশবিরোধী শক্তি বিভিন্ন আন্দোলন গড়ে তোলার অপচেষ্টা চালাচ্ছে এবং জামায়াত-এনসিপি এসব আন্দোলন উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, গাজীপুরের শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম। আর আন্দোলন উসকে দিয়ে রাষ্ট্রকে অশান্ত করার সুযোগ করে দিচ্ছে জামায়াত-এনসিপি।
তিনি আরও দাবি করেন, জামায়াত-এনসিপির শ্রমিক সংগঠনও এ আন্দোলনে যুক্ত রয়েছে। ডিসেম্বর মাসকে লক্ষ্য করে এ ধরনের আরও অনেক আন্দোলন গড়ে তোলার চেষ্টা চলছে।
এর আগে রোববার দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গার্মেন্টসকর্মী পরিচয়ে আন্দোলনে নেমেছেন। মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম।
ওই পোস্টে তিনি আরও দাবি করেন, মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত। এ আন্দোলনে আগে থেকেই জামায়াত-এনসিপি উসকানি দিয়ে আসছিল বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া এনসিপি নেতা সারজিস আলমের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে রাশেদ খাঁন দাবি করেন, বর্তমান বিরোধী দল ও আওয়ামী লীগের পতিত শক্তির মধ্যে যোগসূত্র তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, জামায়াত-এনসিপির নেতাকর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকে দিচ্ছেন।
তবে ফেসবুক পোস্টে দেওয়া এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পাওয়া যায়নি।