সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
“উন্নত যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে সোনারগাঁও উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সোনারগাঁও উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ের ভবনের সামনে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।
অন্ধ হাফেজ রাজীবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: মাসুদ ভূঁইয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুনুর রশিদ মিঠু, যুবদল নেতা, রাকিবুল হাসান, সোহেল রানা। এছাড়া উপজেলার যুব উদ্যোক্তা এবং যুব সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, বিকশিত নারী যুব সংঘের তৌফিকা শাহেদ, দত্তপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির কবির হোসেন, বিজয় ধ্বনী যুব সংঘের উজ্জল হোসেন মাসুম, হাবিবপুর যুব সংঘের আফরিন খান, সোনারগাঁও জনকল্যাণ যুব সংঘের হাফেজ রাজিব, ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে বক্তারা তাদের মতামত তুলে ধরেন।
আলোচনা শেষে সফল যুব সংগঠক, সফল যুব নারী ও শ্রেষ্ঠ সংগঠকদের মাঝে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া আত্মকর্মসংস্থান ও যুব উন্নয়নের লক্ষ্যে ২১ জন যুবকের মাঝে ২৪ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক এবং বৃক্ষ বিতরণ করা হয়।