ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টা থেকে শিবু মার্কেট ও কাঠেরপুলসহ আশপাশের বিভিন্ন এলাকার গার্মেন্টস শ্রমিকরা মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকায় জড়ো হন। পরে তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
এ সময় শ্রমিকরা ওভারপাসসহ সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ করে দিয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি করা জরুরি। কারণ, স্বল্প বেতনে সংসারের ব্যয় নির্বাহ করা তাঁদের জন্য দিন দিন কঠিন হয়ে পড়ছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামসহ জীবনযাত্রার ব্যয় বেড়েছে। অথচ তাঁদের বেতন বেশ কয়েক বছর ধরে সে অনুযায়ী বাড়েনি। অন্যদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলেও পোশাকশ্রমিকদের আয় প্রত্যাশা অনুযায়ী বাড়েনি বলে অভিযোগ তাঁদের। এ পরিস্থিতিতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
এদিকে শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে সড়ক পার হয়ে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়। আবার অনেকে দীর্ঘ সময় ধরে যানবাহনের ভেতরে আটকে থাকেন।
সড়ক অবরোধের ফলে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং কর্মস্থলসহ বিভিন্ন গন্তব্যে যেতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।