রাজধানীতে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনীতে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের আধুনিক প্রযুক্তি তুলে ধরা হচ্ছে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি ও উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।
প্রথমবারের মতো বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে এ এক্সপোর আয়োজন করা হয়েছে। এতে নীতিনির্ধারক, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন।
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে সহায়তা করা এবং সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে সরকারি নীতি ও প্রণোদনা সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
প্রদর্শনীতে সৌরবিদ্যুৎ খাতের আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির পাশাপাশি সরকারি প্রণোদনা, কর ও শুল্ক সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট এবং সৌরচালিত সেচব্যবস্থা তুলে ধরা হচ্ছে। এ ছাড়া প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনাও প্রদর্শনীতে গুরুত্ব পাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রদর্শনীর মাধ্যমে সৌরবিদ্যুৎ খাতের প্রযুক্তি, অর্থায়ন ও বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন পক্ষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়বে। পাশাপাশি ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণেও নতুন উদ্যোগ তৈরি হবে।