বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এতে জেলায় দায়িত্ব পালনরত বিজিবির মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ প্লাটুনে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শ্রমিকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আগে থেকেই জেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। পরিস্থিতি বিবেচনায় নতুন করে আরও এক প্লাটুন যুক্ত করা হয়েছে। পাশাপাশি আগে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করলেও বর্তমানে সেই সংখ্যা বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।
আরিফ হোসাঈন আরও জানান, আন্দোলনের নামে যেন রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সদস্যরা ইতোমধ্যে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।
এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন পোশাকশ্রমিকেরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সড়কে অবস্থান নিতে দেননি। এ সময় বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকদের দলবদ্ধভাবে কাজে যোগ দিতে দেখা যায়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, সকাল ৮টার কিছু আগে শ্রমিকেরা মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবি ঘিরে শিল্পাঞ্চলে চলমান পরিস্থিতির মধ্যে নিরাপত্তা জোরদারের এ পদক্ষেপ নিয়েছে প্রশাসন। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখাই এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান লক্ষ্য।