ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা তিনটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। পরে লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে জলকামান ও সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে। বিকেল চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের অবরোধ চলছিল।
এ বিষয়ে শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
এর আগে সোমবার (২ নভেম্বর) একই দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। ওই দিন দুপুর থেকে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বিকেল সোয়া চারটার দিকে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সোমবার শ্রমিকদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়েছিল। দাবিগুলোর মধ্যে রয়েছে—ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, সব পোশাক কারখানায় রেশনিং ব্যবস্থা চালু, ট্রেড ইউনিয়নের অধিকার বাস্তবায়ন, শ্রমিক আমজাদ হোসেন কামালসহ নিহত শ্রমিকদের হত্যার বিচার এবং বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ ও শ্রম আইন পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
এদিকে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের পঞ্চবটি বিসিক শিল্পনগরী ও সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের কারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছিল। শ্রমিকেরাও কাজে যোগ দিয়েছিলেন। তবে বেলা সোয়া তিনটার দিকে কাঠেরপুল এলাকায় নতুন করে শ্রমিকেরা সড়কে নেমে আসায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়।