নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) মোহাম্মদ ওয়ালীউল্লাহকে (৪১) গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে গ -সার্কেল মেহেদী ইসলাম ও আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম সুমনের নেতৃত ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওয়ালীউল্লাহর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামে। তার বাবার নাম মো. আব্দুল্লাহ।
নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) মেহেদী ইসলাম জানান, তাকে আটক করার জন্য বেশ কয়েকদিন যাবত চেষ্টা করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার আগারগাঁও এলাকা থেকে ওয়ালীউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।