বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি এবং পোশাকশ্রমিকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। একই সঙ্গে দুই দেশের অভিন্ন নদীর পানি বণ্টন এবং উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক কূটনৈতিক সফরের ক্ষেত্রে বিদ্যমান আলোচনার কাঠামো অনুসরণের ওপর গুরুত্ব দিচ্ছে দেশটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা জানান।
ঢাকায় সাম্প্রতিক পোশাকশ্রমিকদের বিক্ষোভ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং দেশটির সামগ্রিক পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করতে চায় নয়াদিল্লি।
দুই দেশের অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা, বিশেষ করে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যৌথ নদীগুলোর বিষয়ে আলোচনা নির্ধারিত দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমেই এগিয়ে নেওয়া হবে।
তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ সীমান্ত অতিক্রমকারী অভিন্ন নদীগুলোর বিষয়ে আলোচনা করার জন্য এটিই আনুষ্ঠানিক কাঠামো।
এদিকে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্ভাব্য উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি আবারও উল্লেখ করেন জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইতোমধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা জানানো হবে।
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন মঙ্গলবার টানা চতুর্থ দিনে গড়ানোর প্রেক্ষাপটে ভারতের পক্ষ থেকে এ বক্তব্য এলো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক, অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা এবং কূটনৈতিক যোগাযোগের বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে।
সূত্র: এএনআই।