রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকালে শাহ আলী থানার নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৭টা ৩৮ মিনিটে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকেই চারজনের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় অন্য কোনো ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট স্টেশন কর্তৃপক্ষ।
উদ্ধারকাজ শেষে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ এবং নিহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।