ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। একই সঙ্গে কিছু এলাকায় ইয়েলো অ্যালার্টও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দেশটির দক্ষিণাঞ্চলে ঘন কুয়াশার কারণে এ সতর্কতা জারি করা হয়। কুয়াশার ফলে সড়কে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া কর্তৃপক্ষ।
এ পরিস্থিতিতে গাড়িচালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবুধাবি পুলিশ। পাশাপাশি সড়কের ইলেকট্রনিক সাইনবোর্ডে প্রদর্শিত পরিবর্তিত গতিসীমা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কুয়াশাচ্ছন্ন পরিবেশে দুর্ঘটনা এড়াতে চালকদের নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দেশটির আবহাওয়া সাধারণত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। তবে রাতের দিকে এবং বুধবার সকালে উপকূলীয় ও অভ্যন্তরীণ কিছু এলাকায় আর্দ্রতা বাড়তে পারে। এতে ঘন কুয়াশা অথবা হালকা কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশজুড়ে তাপমাত্রা ১৯ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আবুধাবিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি, দুবাইয়ে ২৭ ডিগ্রি এবং রাস আল খাইমায় ২৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
এ ছাড়া দক্ষিণ-পূর্ব দিক থেকে হালকা থেকে মাঝারি গতির বাতাস প্রবাহিত হতে পারে। পরবর্তী সময়ে বাতাসের দিক পরিবর্তিত হয়ে উত্তর-পশ্চিমমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের স্বাভাবিক গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার থাকতে পারে। তবে দমকা হাওয়ার সময় তা ঘণ্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
অন্যদিকে, আরব উপসাগর ও ওমান সাগরের পানিও সামান্য উত্তাল থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় সড়ক ও সমুদ্রপথে চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: খালিজ টাইমস।