সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি স্যালুট জানানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, “যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো।”
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর প্রধানদের পাশাপাশি ইশরাক হোসেনও বীর শহীদদের স্যালুট জানান। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
এর পর শুক্রবার (২৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা থেকেই তিনি স্যালুট দিয়েছেন। এটি ছিল তার ব্যক্তিগত অনুভূতির প্রকাশ এবং ভবিষ্যতেও তিনি একইভাবে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ছিলেন। পাশাপাশি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি জনগণের প্রতিনিধিত্ব করেছেন বলেও উল্লেখ করেন। এ বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক বা বিদ্রূপ না করার আহ্বান জানান তিনি।
পোস্টের শেষাংশে ইশরাক আক্ষেপ প্রকাশ করে বলেন, দেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে সম্মান প্রদর্শনও সমালোচনার বিষয় হয়ে দাঁড়ায়। একই সঙ্গে তিনি সবার জন্য মহান আল্লাহর কাছে হেদায়েত কামনা করেন।