রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। নির্দিষ্ট তিনটি শর্ত সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতিও দেওয়া হয়েছে।
রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষর রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, হাসপাতালটির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে হাসপাতালটির কার্যক্রম পুনর্বহাল করা হয়েছে।
সরকারের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে— ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর বিধান যথাযথভাবে অনুসরণ করা, লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত চিকিৎসক নিয়োগ সম্পন্ন করা এবং নির্ধারিত শর্ত ভঙ্গ হলে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
উল্লেখ্য, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা দিয়েছিল। তবে তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হলো।