আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে স্বামীকে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রথমে ঘটনাটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে দাবি করা হলেও ময়নাতদন্তে হত্যার প্রমাণ পাওয়ার পর তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া নারীর নাম সুনীতাদেবী হারিরাম সিং (৩০)। তিনি বিহারের রোহতাস জেলার বাসিন্দা। গত ১৯ জুলাই থানের বদলাপুর পূর্ব এলাকায় নিজ বাসায় স্বামী হারিরাম কিশুনজি সিংয়ের (৩৫) সঙ্গে শাড়ি কেনাকে কেন্দ্র করে তার তীব্র বাক্বিতণ্ডা হয়।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে সুনীতাদেবী প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীকে আঘাত করেন এবং পরে শ্বাসরোধ করে হত্যা করেন।
ঘটনার পর তিনি পুলিশকে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে জানান। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ প্রথমে একটি অ্যাকসিডেন্টাল ডেথ রিপোর্ট (এডিআর) নথিভুক্ত করে। তবে সরকারি হাসপাতালের ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে মৃত্যুর বিষয়টি উঠে এলে তদন্তের মোড় ঘুরে যায়।
পরে নিহতের পরিবারের সদস্য ও বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের পর সুনীতাদেবীকে গ্রেপ্তার করা হয়। বদলাপুর পূর্ব থানার জ্যেষ্ঠ পরিদর্শক নীতিন পাটিল জানান, আদালত অভিযুক্তকে আগামী ২৯ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।