ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কিনজা হাশমি। নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে খবরটি সামনে এসেছে।
পাকিস্তানের টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া কিনজা এক দশকের বেশি সময় ধরে বিনোদনজগতে কাজ করছেন। অভিনয়, মডেলিং ও উপস্থাপনায় রয়েছে তাঁর অভিজ্ঞতা। জেনে নেওয়া যাক এই অভিনেত্রী সম্পর্কে ১০টি তথ্য।
১. লাহোরে জন্ম কিনজার
১৯৯৭ সালের ৭ মার্চ পাকিস্তানের লাহোরে জন্ম কিনজা হাশমির। ছোটবেলা থেকেই বিনোদনজগতের প্রতি আগ্রহ ছিল তাঁর। অভিনয়ে আসার আগে মডেলিং, রেডিও উপস্থাপনা ও টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন।
২. মাত্র ১৭ বছর বয়সে অভিনয়ে অভিষেক
২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তানের টেলিভিশন ধারাবাহিক ‘আধুরা মিলন’-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় কিনজার। এতে নায়াব চরিত্রে অভিনয় করেন তিনি।
৩. ‘ইশক তামাশা’য় পরিচিতি
২০১৮ সালে হুম টিভির জনপ্রিয় নাটক ‘ইশক তামাশা’য় রুশনা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান কিনজা। নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য হুম অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়নও পেয়েছিলেন তিনি।
৪. জনপ্রিয় নাটকে অভিনয়
‘গুল-ও-গুলজার’, ‘দিওয়ার-ই-শাব’, ‘দালদাল’ ও ‘মোহাব্বত তুম সে নাফরাত হ্যায়’-এর মতো আলোচিত নাটকে অভিনয় করেছেন কিনজা। এসব নাটকে বিভিন্ন ধরনের চরিত্রে দেখা গেছে তাঁকে।
৫. ‘দিল আওয়াইজ’ দিয়ে আবারও আলোচনায়
২০২২ সালে ‘দিল আওয়াইজ’ নাটকে নামভূমিকায় অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন তিনি। একই বছর ‘হুক’ ও ‘রুপোশ’-এর মতো কাজেও অভিনয় করেন। ২০২৩ সালে ‘মেরে বন জাও’ নাটকে আজমিয়া চরিত্রে অভিনয় করেন।
৬. চলচ্চিত্রেও অভিজ্ঞতা রয়েছে
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন কিনজা। ২০২২ সালে টেলিফিল্ম ‘রুপোশ’-এ জোনাইরা চরিত্রে অভিনয় করেন। পরে ‘কাট্টার করাচি’সহ চলচ্চিত্রে দেখা গেছে তাঁকে।
৭. ৩০টির বেশি নাটকে অভিনয়
এক দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ৩০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন কিনজা। হুম টিভি, জিও এন্টারটেইনমেন্ট ও এআরওয়াই ডিজিটালের মতো পাকিস্তানের জনপ্রিয় চ্যানেলে প্রচারিত নাটকে কাজ করেছেন তিনি। ২০২৫ সালে ‘শিরিন ফরহাদ’ এবং ২০২৬ সালে ‘ফারায়েব’ ও ‘লিডার’-এর মতো কাজেও যুক্ত হয়েছেন।
৮. সাফল্যের পেছনে পরিশ্রম ও ধৈর্য
২০১৯ সালে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাফল্য নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছিলেন কিনজা। তাঁর মতে, জনপ্রিয়তার পাশাপাশি কঠোর পরিশ্রম, ধৈর্য ও মা-বাবার দোয়া সাফল্যের গুরুত্বপূর্ণ উপাদান।
৯. ব্যক্তিগত জীবন নিয়েও গুঞ্জন
কিনজার বিয়ে ও বাগ্দান নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন ছড়িয়েছে। ২০১৯ সালের সাক্ষাৎকারে এ ধরনের গুঞ্জন নিয়ে নিজের মজার অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন তিনি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সতর্ক এই অভিনেত্রী।
১০. শাকিবের সঙ্গে ঢালিউডে অভিষেকের সম্ভাবনা
শাকিব খানের ‘মহব্বত’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হতে পারে কিনজার। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিবের বিপরীতে তাঁর অভিনয়ের খবর সামনে আসার পর দুই দেশের দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
পাকিস্তানের টেলিভিশন নাটকে নিজের অবস্থান তৈরি করা কিনজা হাশমির জন্য ‘মহব্বত’ হতে পারে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর নতুন সুযোগ। শাকিব খানের সঙ্গে তাঁর জুটি বড় পর্দায় কেমন সাড়া ফেলে, সেটিই এখন দেখার অপেক্ষা।