দ্বিতীয়বারের মতো সংসার ভাঙছে বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কানিকা কাপুরের। চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্বামী ব্যবসায়ী গৌতম হাতিরামানির সঙ্গে আলাদা হওয়ার ঘোষণা দিয়েছেন ‘বেবি ডল’খ্যাত এই গায়িকা। তবে তাঁদের বিচ্ছেদের পেছনে অন্য কারও সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিচ্ছেদের খবর জানান কানিকা। সেখানে তিনি লেখেন, অনেক চিন্তাভাবনার পর তাঁরা দুজন আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতের জন্য স্বামীর মঙ্গল কামনা করেন তিনি। পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান।
ভারতীয় সংবাদমাধ্যম ‘মুম্বাই মিরর’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ নিয়ে বিস্তারিত কথা বলেন কানিকা। তিনি জানান, তাঁদের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি জড়িত নন। তাঁর ভাষায়, তিনি অন্য কাউকে খুঁজে নেননি, তাঁর জানামতে গৌতমও অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়াননি।
গৌতম নাইজেরিয়ার লাগোসে থাকেন। কাজের কারণে সেখানে অবস্থান করতে হয় তাঁকে। কানিকা লাগোসে থাকতে চাননি, এ কারণেই তাঁদের সংসার ভেঙেছে—এমন খবরও নাকচ করেছেন গায়িকা। তাঁর মতে, কোনো সংসার ভাঙলে প্রথমেই নারীকে দায়ী করার প্রবণতা অন্যায্য। একটি সম্পর্কের ভেতরে কী ঘটেছে, তা কেবল সেই দুজনই ভালো জানেন।
কানিকা আরও বলেন, দ্বিতীয়বার বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে যাওয়াটা তাঁর জন্য কষ্ট ও হতাশার। তাঁর তিন সন্তান রয়েছে, যাদের দেখাশোনা করতে হয়। ভবিষ্যতে গৌতমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আশাও প্রকাশ করেছেন তিনি।
বন্ধুত্ব থেকে বিয়ে
কানিকা ও গৌতমের পরিচয় প্রায় ১৫ বছরের। দীর্ঘদিনের বন্ধুত্ব একসময় প্রেমে রূপ নেয়। ২০২২ সালের ২০ মে লন্ডনে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা। এটি ছিল কানিকার দ্বিতীয় বিয়ে।
এর আগে লন্ডনপ্রবাসী চিকিৎসক জসপ্রীত সিং চন্দকের সঙ্গে সংসার করেছিলেন তিনি। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। প্রথম সংসারে কানিকার তিন সন্তান—আয়ানা, সামারা ও যুবরাজ।
‘বেবি ডল’ দিয়ে জনপ্রিয়তা
২০১৪ সালে ‘রাগিনি এমএমএস ২’ সিনেমার ‘বেবি ডল’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান কানিকা। এরপর ‘লাভলি’, ‘চিট্টিয়া কালাইয়াঁ’, ‘দেশি লুক’ ও ‘টুকুর টুকুর’-এর মতো জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সংগীতজগতে নিজের অবস্থানও শক্ত করেছেন এই শিল্পী।
চার বছরের দাম্পত্যের ইতি টানলেও সাবেক স্বামীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান কানিকা। আপাতত নিজের সন্তান ও সংগীতজীবন নিয়েই সামনে এগিয়ে যেতে চান তিনি।