শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একটি মহল বিভিন্ন কলকারখানায় ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর ক্ষতি করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, গত ৫০ বছরে দেশে গড়ে ওঠা শিল্পকারখানাগুলো বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। এসব প্রতিষ্ঠানে লাখ লাখ নারী ও শ্রমজীবী মানুষ কাজ করেন। শিল্পকারখানাগুলো দেশের সম্পদ, জনগণের সম্পদ। কোনো শ্রমিক নিজের কর্মস্থল ও জীবিকার ক্ষতি করতে পারেন না।
তিনি আরও বলেন, গত ১৫-১৬ বছরে একটি মহল দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এবং দেশের মানুষের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছিল।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের মুখে যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারাই এখন সীমান্তের ওপার থেকে কলকাঠি নাড়ছে এবং দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।
এক-দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি
শ্রমিকদের মজুরি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে সরকার অবগত রয়েছে। এসব দাবি বিবেচনা ও পর্যালোচনার জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড কাজও শুরু করেছে।
তিনি বলেন, ইনশাআল্লাহ, আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে, যাতে শ্রমিকেরা ভালো থাকতে পারেন।
প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং দেশের শিল্পকারখানার পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।