তানভীর আহাম্মেদ, রিপোর্টার: দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহাসিক ঢেমঢেমিয়া কালীর মেলার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।
পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তাদ্বয় মেলার সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। এ সময় তাঁরা মেলার শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন।
মেলা প্রাঙ্গণে উপস্থিত ব্যবসায়ী, ক্রেতা ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মেলা কমিটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন কর্মকর্তাদ্বয়।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, মেলায় আগত মানুষের নিরাপত্তা ও মেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলার দিনগুলোতে কঠোর নজরদারি ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।