বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এ আগামী ১৮ মাসের মধ্যেই প্রথম কারখানায় উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।
আশিক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় অর্থনৈতিক অঞ্চলটির ডেভেলপার প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
তিনি জানান, শুরুতে ডেভেলপার প্রতিষ্ঠান প্রকল্পটি চালু করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বলে জানায়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসের মধ্যে প্রথম কারখানায় উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করে দেন। পরে ডেভেলপার প্রতিষ্ঠানের চেয়ারম্যানও ওই সময়সীমার মধ্যেই উৎপাদন শুরু করার প্রতিশ্রুতি দেন।
বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের সম্মানিত অতিথি। তারা শুধু নিজেদের ব্যবসায়িক লাভই করবেন না, বরং দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং আনোয়ারা ও চট্টগ্রামের জনগণের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, অর্থনৈতিক অঞ্চলটি দ্রুত চালু হলে পুরো অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যাবে এবং স্থানীয় মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
আশিক চৌধুরী আরও বলেন, বিনিয়োগকারীরা কোনো ধরনের সমস্যার মুখোমুখি হলে সরকার, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সমন্বিতভাবে তা সমাধানে কাজ করবে।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে বিনিয়োগের কোনো বিকল্প নেই। বিদেশি বিনিয়োগ আকর্ষণের এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে আরও শিল্পোন্নত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে সরকার বদ্ধপরিকর।