সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয় । মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিক্সাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন। পথচারী অটোরিক্সার পাশে দাঁড়িয়ে ছিল । ট্রাকটি পথচারী ও অটোরিক্সাকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায় । এ ঘটনায় অটোরিক্সার চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামূখী লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম মাহে আলম (৪০)। তিনি উপজেলার সোনাখালী বাবরকপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তার পৈতৃক বাড়ি বরিশালের ভোলা জেলায় । সোনাখালীতে ভাড়া থাকে ।
আহতরা হলেন উপজেলার বাবরকপুর এলাকার নুর ইসলামের ছেলে অটোরিক্সা চালক মো. শহিদ, সোনাখালী এলাকার ঈঙ্গু মিয়ার ছেলে মো. আলিনুর, মৃত রশিদ আলীর ছেলে মো. টিকা খান এবং মুন্সুর আলীর ছেলে মো. সুরুজ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে মহাসড়কের সোনাখালী এলাকায় ঢাকামুখী একটি মালবাহী ট্রাক হঠাৎ চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিক্সাকে সজোরে ধাক্কা দিলে সেটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ধাক্কায় মারা যান অটো রিক্সার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী মাহে আলম। বিকট শব্দে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে অটোরিক্সার ভেতরে থাকা চালকসহ চার জনকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে তাদের দ্রুত স্থানীয় আল বারাকা হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হাইওয়ে পুলিশ, থানা পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে তিনি।