সম্পদের হিসাব বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এসকে সুর চৌধুরী)-কে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা জারি করে তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় নাম আসার পর ২০২২ সালে এসকে সুর চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরবর্তীতে ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর দুদক তার এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের পূর্ণাঙ্গ বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ দেয়। ২০২৫ সালের ২৭ অক্টোবর তিনি নোটিশ গ্রহণ করলেও আইন অনুযায়ী নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দেননি।
এ ঘটনায় ২০২৫ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে এসকে সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০২৫ সালের ৬ নভেম্বর আদালত এসকে সুর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
মামলার বিচার চলাকালে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। গত ১৫ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিল। সবশেষে আদালত সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এসকে সুর চৌধুরীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।