বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, **‘বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩’** অনুযায়ী তাকে জাতীয় অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি **জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-১** অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা পাবেন। তবে তিনি সরকারি কর্মকর্তা হিসেবে গণ্য হবেন না।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, তিনি নিজের পছন্দমতো যেকোনো গবেষণা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবেন। গবেষণার ক্ষেত্র সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-কে অবহিত রাখতে হবে। এছাড়া প্রতি বছর গবেষণা কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ইউজিসিতে জমা দিতে হবে এবং গবেষণার ফলাফল শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে পাঠাতে হবে।
এ সময়ের মধ্যে তিনি অন্য কোনো বেতনভুক্ত চাকরিতে যুক্ত হতে পারবেন না। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ড. মাহবুব উল্লাহ ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে এবং ১৯৭৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন।
তার কর্মজীবনে তিনি ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে তিনি ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে ১৯৮০ সালে দ্বিতীয় স্নাতকোত্তর এবং ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে ড. মাহবুব উল্লাহর দীর্ঘদিনের অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হলো।