ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর ১২টায় তিনি বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রপতির দায়িত্বসংক্রান্ত বিভিন্ন সরকারি কার্যক্রম সম্পাদন করবেন।
তবে বঙ্গভবনে অফিস করলেও তিনি আপাতত সেখানে স্থায়ীভাবে অবস্থান করবেন না। দায়িত্ব পালনকালে জাতীয় সংসদের স্পিকার হিসেবে বরাদ্দ সরকারি বাসভবনেই অবস্থান করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও তিনি প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন।
তার পদত্যাগের পর একই দিন সংবিধানের বিধান অনুসারে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর রোববার (২৬ জুলাই) তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে পুষ্পস্তবক অর্পণ, পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ এবং স্বাক্ষর করার মাধ্যমে তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় সশস্ত্র বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
আজকের দাফতরিক কার্যক্রমের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তাঁর আনুষ্ঠানিক প্রশাসনিক দায়িত্ব পালনের নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে।