একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কনসার্টে আবেগঘন মুহূর্তের জন্ম দিলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। পারফরম্যান্সের মাঝেই প্রথমবারের মতো প্রকাশ্যে নিয়ে এলেন নিজের ৯ মাস বয়সী ছেলেকে। সন্তানকে কোলে নিয়ে কিংবদন্তি শিল্পী নগরবাউল জেমসের জনপ্রিয় গান ‘বাবা’ পরিবেশন করে দর্শকদের আবেগে ভাসান তিনি।
কনসার্ট চলাকালে একপর্যায়ে মাইক্রোফোন হাতে নোবেল দর্শকদের উদ্দেশে বলেন, “আমিও কিন্তু বাবা হয়েছি। আমার ছেলের বয়স এখন ৯ মাস। সে আজ কনসার্ট দেখতে এসেছে। আপনাদের সঙ্গে ওর পরিচয় করিয়ে দিই।”
এরপর তিনি মঞ্চের পেছনে গিয়ে ছেলেকে কোলে নিয়ে আবার দর্শকদের সামনে ফিরে আসেন। সন্তানকে বুকে জড়িয়ে ধরে জানান, ছেলের নাম রেখেছেন ‘নোবেল জুনিয়র’। মুহূর্তেই পুরো কনসার্ট প্রাঙ্গণ করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে।
এরপর ছেলেকে কোলে রেখেই জেমসের কালজয়ী গান ‘বাবা’ পরিবেশন করেন নোবেল। পুরো গানজুড়ে সন্তানকে স্নেহে আগলে রাখা এই দৃশ্য দর্শকদের আবেগাপ্লুত করে। অনেকেই মোবাইল ফোনে সেই মুহূর্ত ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
গত বছর জুন মাসে নোবেল ও তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়ার সংসারে নতুন অতিথি আসার খবর প্রকাশ্যে আসে। বাবা হওয়ার পর এটিই প্রথম কোনো কনসার্টের মঞ্চে নিজের সন্তানকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি।
নোবেলের এই ব্যতিক্রমী উপস্থিতি এবং পিতৃত্বের আবেগময় প্রকাশ কনসার্টের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।