রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় সাংবিধানিকভাবে আইনি সুরক্ষা ভোগ করেন, তবে পদ ছাড়ার পর আগের বা পরবর্তী যেকোনো আইনি বিষয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ড. জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রপতি দায়িত্বে থাকাকালে আইনি সুরক্ষা পান। কিন্তু দায়িত্ব থেকে অব্যাহতির পর তিনি আগের কিংবা পরবর্তী যেকোনো আইনি বিষয়ের ক্ষেত্রে প্রচলিত আইনের আওতায় আসতে পারেন।
দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, বর্তমানে দেশে ২৩ লাখ ৯৬ হাজার ৭৫৩ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। কর্মসংস্থান বাড়াতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের আওতায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণে কোনো জামানত লাগবে না। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ভাতাও বৃদ্ধি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক আলোচনার পরও বাংলাদেশের জন্য কার্যকর শুল্কহার আগের তুলনায় বৃদ্ধি পায়নি। চলতি অর্থবছরে ৬৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
জ্বালানি সংকট নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ভাসমান গ্যাস পুনর্গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িক গ্যাস সংকট তৈরি হয়েছে। আগের সরকারের জ্বালানি খাতের সিদ্ধান্তহীনতার কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে দ্রুত সংকট কাটিয়ে উঠতে সরকার কাজ করছে।
ব্রিকস জোটে বাংলাদেশের সদস্যপদ প্রসঙ্গে তিনি বলেন, জনগণ ও দেশের সর্বোচ্চ স্বার্থ বিবেচনায় রেখেই সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে।
২০১৮ সালের জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ওই নির্বাচন থেকেই দেশের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থার ক্ষয় শুরু হয়েছে। নির্বাচনটির বিচার না হলে তা হবে অবিচার। একই সঙ্গে ২০০৮ সালের নির্বাচনও পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি অবসরে পাঠানো ৩২ জন যুগ্ম সচিবের বিষয়ে তিনি বলেন, তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়নি। তবে ২০১৮ সালের নির্বাচন নিয়ে এখন পর্যন্ত সরকার কোনো পৃথক মামলা বা আইনি প্রক্রিয়া শুরু করেনি।
জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, আন্দোলন দমনে পুলিশ টাইপ-৫৬ এসকেএস রাইফেল ও ৭.৬২ মিলিমিটার গুলি ব্যবহার করেছে।
সম্প্রতি বাজারে থাকা ৩৪টি ব্যান্ডের টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি জানান, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
এ ছাড়া ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন কি না, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।