জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশটির আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা (জেএমএ) উপকূলীয় কয়েকটি অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২৭ মিনিটে) কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল অগভীর হওয়ায় কুমামোতোসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পর জেএমএ সতর্ক করে জানিয়েছে, উপকূলীয় এলাকায় সর্বোচ্চ প্রায় ৩ দশমিক ২৮ ফুট উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে। এ কারণে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
সরকার কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি জেলায় ভূমিকম্প ও সুনামি সতর্কতা জারি করেছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২৫ জুনও জাপানে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। সেবারও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলা অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। বিশ্বে সংঘটিত মোট ভূমিকম্পের উল্লেখযোগ্য একটি অংশ প্রতিবছর জাপান ও এর আশপাশের এলাকায় ঘটে।