ইরাকের উত্তরাঞ্চলীয় নিনভে প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) অন্তত ৮ সদস্য নিহত হয়েছেন। হামলায় আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটির নিনভে কমান্ড। হামলার পর ওই এলাকায় উত্তেজনা আরও বেড়েছে।
বুধবার (২৯ জুলাই) পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) নিনভে কমান্ড এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় তাদের অন্তত আটজন সদস্য নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।
সংগঠনটির দাবি, ইরাকের উত্তরাঞ্চলীয় নিনভে প্রদেশে তাদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের জ্বালানি অবকাঠামোতে সাম্প্রতিক ড্রোন হামলার জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরাকে এই সামরিক অভিযান চালিয়েছে সৌদি আরব। হামলার লক্ষ্য ছিল প্যারামিলিটারি গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) ঘাঁটি ও অবকাঠামো।
হামলার পর নিনভে প্রদেশের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের বাসরা প্রদেশের কয়েকটি স্থান থেকেও ধোঁয়া উঠতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করতে দেখা যায়।
এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার সকালে এক বিবৃতিতে জানায়, তারা ‘ইরান-সংশ্লিষ্ট’ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে।
সেন্টকমের দাবি, সম্প্রতি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নির্দেশনায় পরিচালিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর ওপর একাধিক ড্রোন হামলা চালিয়েছে। সেই হামলার জবাব হিসেবেই যৌথ বিমান অভিযান পরিচালনা করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও সৌদির যুদ্ধবিমান পূর্ব ইরাকের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী অবকাঠামো, অস্ত্রাগার এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত ৭২ ঘণ্টায় সংঘটিত প্রায় ৩০টি ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে বলে দাবি করেছে সেন্টকম।
মার্কিন সামরিক বাহিনীর তথ্যমতে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থাপনার বিরুদ্ধে ৬০০টিরও বেশি হামলা চালিয়েছে।
এদিকে সেন্টকম সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে আরও হামলা এড়াতে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে সব ধরনের আক্রমণাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
প্রতিবেদক: নিউজ24BD.Net