মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নেশাজাতীয় পণ্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এবং সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক জব্দ করা প্রায় ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য, ঔষধ/ইনজেকশন, সিগারেট ও জর্দা ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত তিন বছরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ও সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদক ও নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে। এসব মাদক ধ্বংসের মাধ্যমে সমাজকে মাদকের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। এটি তরুণ সমাজের মেধা, স্বপ্ন ও ভবিষ্যৎ ধ্বংস করছে। সীমান্ত ব্যবহার করে অসাধু চক্র যাতে দেশে মাদক প্রবেশ করাতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার ফলেই বিপুল পরিমাণ মাদক জব্দ করা সম্ভব হয়েছে।
রিজিয়ন কমান্ডার বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়; এটি একটি জাতীয় দায়িত্ব। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার আংশিক সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে জব্দ করা সর্বমোট ৫১,৮৩,৮৪,১২৫ টাকা মূল্যের মাদকদ্রব্য, ঔষধ/ইনজেকশন, সিগারেট ও জর্দা ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।