দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) প্রিটোরিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের নিকটবর্তী সমো শহরের একটি দোকানে স্থানীয় সময় সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে দোকানের ভেতরে অবস্থানরত ছয় বাংলাদেশি প্রাণ হারান এবং আরও একজন গুরুতর আহত হন।
মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন। এক বিবৃতিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহত ব্যক্তির দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি ঘটনাস্থল পরিদর্শনের জন্য সমো শহরে যাচ্ছেন। সফরকালে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নেবেন।
এছাড়া স্থানীয় প্রশাসন, দক্ষিণ আফ্রিকা পুলিশ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন হাইকমিশনার। বৈঠকে অগ্নিকাণ্ডের তদন্তের অগ্রগতি, ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা এবং পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ হাইকমিশন আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিক ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।