সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া কোনো আসামিকে অন্য মামলায় গ্রেপ্তার বা ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো যাবে না—হাইকোর্টের দেওয়া এমন আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ জুলাই) আপিল বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রুলে বলেন, সুনির্দিষ্ট মামলা বা অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার বা ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো যাবে না। পাশাপাশি এ বিষয়ে কেন একটি স্থায়ী নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
হাইকোর্টের ওই আদেশ ও রুলের বিরুদ্ধে করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেন এবং চার সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেন।
শুনানি শেষে রাষ্ট্রপক্ষের পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আগের আদেশ বহাল থাকলে আইন প্রয়োগকারী সংস্থার তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল।
তিনি বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ থাকলেও তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণে জটিলতা সৃষ্টি হতে পারত। আপিল বিভাগের আদেশের ফলে সেই বাধা আপাতত দূর হয়েছে।
এদিকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত বলেও জানান অ্যাটর্নি জেনারেল।
আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত আইনি অবস্থান চূড়ান্তভাবে নির্ধারণ না হওয়া পর্যন্ত বিষয়টি হাইকোর্টে রুল নিষ্পত্তির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্তের দিকে এগোবে।