স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ফোর্সেসের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। আজ তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরিজীবনের শুরুতে তিনি রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ। মাঠপর্যায়ের প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি পুলিশের বিভিন্ন বিশেষায়িত ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক পর্যায়েও কাজের অভিজ্ঞতা রয়েছে এই পুলিশ কর্মকর্তার। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় লাইবেরিয়া ও সুদানে দায়িত্ব পালন করেন। এসব দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশীয় আইনশৃঙ্খলা রক্ষা ও আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।
শিক্ষাজীবনে ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।
পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে এসআরবির মহাপরিচালক হিসেবে নতুন দায়িত্ব শুরু করলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। তাঁর এ নিয়োগের মধ্য দিয়ে বাহিনীর প্রশাসনিক ও কার্যক্রম পরিচালনায় নতুন অধ্যায় শুরু হলো।