দীর্ঘদিন বন্ধ থাকা রাজশাহীর সরকারি মালিকানাধীন কয়েকটি কারখানায় নতুন করে উৎপাদন শুরু করেছে প্রাণ-আরএফএল গ্রুপ। এর ফলে বর্তমানে প্রায় ৩ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হয়েছে।
১৯৭৯ সালে চালু হওয়া বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিল ২০০৩ সালে লোকসানের কারণে বন্ধ হয়ে যায়। পরে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় কারখানাটির ব্যবস্থাপনা নেয় প্রাণ-আরএফএল। বর্তমানে সেখানে ব্যাগ ও লাগেজ উৎপাদন হচ্ছে, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।
এ ছাড়া রাজশাহী জুট মিল এবং সপুরা বিসিক শিল্পনগরীর একটি বন্ধ কারখানাতেও উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি। জুট মিলে জুতা, তাঁবু ও ছাতা তৈরি হচ্ছে, যার একটি অংশ ইতোমধ্যে রপ্তানি হচ্ছে।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে জুতা ও লাগেজ রপ্তানি বেড়ে ১৭৭ কোটি টাকায় পৌঁছেছে। ভবিষ্যতে শুধু রাজশাহী টেক্সটাইল মিলেই প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে প্রাণ-আরএফএল।