ভূমিকম্পপ্রবণ দেশ হওয়া সত্ত্বেও বড় মাত্রার ভূমিকম্প মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি এখনো অপর্যাপ্ত বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, দুর্বল অবকাঠামো, সমন্বিত পরিকল্পনার অভাব এবং দুর্যোগ-পরবর্তী ব্যবস্থাপনার সীমাবদ্ধতায় ঢাকায় বড় ভূমিকম্প হলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে।
বিশেষজ্ঞদের ভাষ্য, বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে দীর্ঘদিন বড় ভূমিকম্প না হওয়ায় ভবিষ্যতে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। রাজধানীর কাছাকাছি উৎপত্তি হওয়া মাঝারি মাত্রার ভূমিকম্পও বড় ধরনের ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে।
এদিকে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ৫৬৮ কোটি টাকার আরবান রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত আরবান সেফটি অ্যান্ড রেজিলিয়েন্স ইনস্টিটিউট (ইউএসআরআই) এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। জনবল সংকটের কারণে আধুনিক পরীক্ষার যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে রয়েছে।
তবে রাজউক জানিয়েছে, ইনস্টিটিউটটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ফায়ার সার্ভিস বলছে, উদ্ধার সক্ষমতা বাড়াতে বিশেষ রেসকিউ টিম, ভারী উদ্ধার সরঞ্জাম এবং দেশজুড়ে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের কার্যক্রম চলমান রয়েছে।