চট্টগ্রামের আলোচিত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৩টার দিকে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, ডেভিড ইমন চট্টগ্রামের সাজ্জাদ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। সম্প্রতি নগরীর একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার নাম এসেছে। ওই ঘটনায় প্রতিষ্ঠানের কাছে এককালীন ২ কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে মামলায় উল্লেখ রয়েছে।
এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছিল, ডেভিড ইমনসহ চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।