একই বিষয়ে আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।
বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত এক মাসের মধ্যে জরিমানার অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে নির্দেশ দিয়েছেন। এ অর্থ জুলাই গণ-আন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসা ও কল্যাণে ব্যয় করা হবে।
রাষ্ট্রপক্ষে শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, আপিল বিভাগে বিচারাধীন থাকা এবং আগের রিট ও স্থগিতাদেশের তথ্য গোপন করে নতুন করে রিট করা হয়েছিল। বিষয়টি আদালতের নজরে আনার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
আদালত পর্যবেক্ষণে বলেন, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদেশ নেওয়ার চেষ্টা বিচারপ্রক্রিয়ার সঙ্গে প্রতারণার শামিল। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বার্তা দিতেই অর্থদণ্ড আরোপ করা হয়েছে।