ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনার পর গাড়িতে আগুন লেগে ছয় তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে মুজাফফরনগরের পানিপথ-খাতিমা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই হরিয়ানার হিসার জেলার হানসি এলাকার দুটি গ্রামের বাসিন্দা।
সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ছয় তরুণকে বহনকারী হুন্দাই অরা মডেলের গাড়িটি মহাসড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে আগুন ধরে যায়। এতে গাড়ির ভেতরেই পুড়ে মারা যান সবাই। দুর্ঘটনাস্থলটি মুজাফফরনগর শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে।
নিহতরা হলেন সাহিল (২০), আমান (২১), অজয় (২১), অঙ্কিত (২১), একই নামের আরেক অঙ্কিত (২১) এবং রাহুল (২৩)। তাঁদের মধ্যে চারজন রাখিগড়ি গ্রামের এবং দুজন মোথ রঙ্গরান গ্রামের বাসিন্দা। নিহত অঙ্কিত ও রাহুল আপন ভাই।
জানা গেছে, আমান, অজয় ও একজন অঙ্কিত শিক্ষার্থী ছিলেন। অন্য তিনজন স্বনির্ভর পেশায় যুক্ত ছিলেন।
পরিবারের সদস্যদের না জানিয়েই রোববার দিবাগত রাত ১২টার দিকে বাড়ি থেকে বের হয়েছিলেন তাঁরা। সোমবার সোমবতী অমাবস্যা উপলক্ষে গঙ্গায় পুণ্যস্নান করতে হরিদ্বার যাচ্ছিলেন ছয় বন্ধু। দীপাবলির উৎসব শেষে তাঁদের এই যাত্রা ছিল।
সাহিলের বাবা সোম কুমার জানান, তাঁর ছেলে গাড়িটি চালাচ্ছিলেন। হুন্দাই অরা মডেলের গাড়িটি তিনি দুই দিন আগে প্রবীণ নামের এক ব্যক্তির কাছ থেকে নিয়েছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে মরদেহগুলো এতটাই পুড়ে যায় যে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। খবর পেয়ে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কয়েকটি পরিবারের সদস্য মরদেহ ফিরিয়ে আনতে উত্তর প্রদেশের উদ্দেশে রওনা হয়েছেন।