পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তরের পথ সহজ করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘শেখ হাসিনার ভুল’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আসিফ নজরুল বলেন, বাংলাদেশে ফেরার জন্য পাসপোর্ট চাওয়ার অর্থ হলো, শেখ হাসিনা মনে করছেন দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি রয়েছে। অথচ তিনি একজন দণ্ডিত অপরাধী। তাঁকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে।
আসিফ নজরুলের মতে, নতুন পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার দেশে ফেরার প্রয়োজন নেই। প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে ফিরিয়ে আনা সম্ভব। ভারত সরকার চাইলে তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।
তিনি আরও বলেন, পাসপোর্ট চেয়ে আবেদন করায় শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের যুক্তি আরও জোরালো হয়েছে। তাঁর বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত—এমন যুক্তিতে ভারত এখন তাঁকে ফেরত না দেওয়ার অবস্থান নিতে পারবে না।
ফেসবুক পোস্টের শেষাংশে শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ নজরুল লেখেন, দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।
উল্লেখ্য, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য ই-মেইল পাঠিয়েছে। তবে হাইকমিশন জানিয়েছে, শেখ হাসিনা নিজে আবেদন করেননি। এমনকি ই-মেইলের সঙ্গে তাঁর অনুমোদনের কোনো প্রমাণপত্রও ছিল না।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আবেদনটির সত্যতা ও আইনগত ভিত্তি যাচাই করছে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চায় বাংলাদেশ সরকার।