সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
দুই পরিবারের সম্মতিতে বিয়ে। বিয়ের পর স্বামীর বাড়িতে দুই মাস সংসারও করেছেন হাসিবা আক্তার। শ্বশুর-শাশুড়ি, ভাসুরের স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পরিচিত হয়েছেন পুত্রবধূ হিসেবে। কিন্তু বাবার মৃত্যুর পর আর্থিক অসচ্ছলতার কারণে আনুষ্ঠানিকভাবে স্বামীর বাড়িতে যেতে না পারায় বদলে যায় পরিস্থিতি।
অভিযোগ উঠেছে, যৌতুক হিসেবে ঘর সাজিয়ে দেওয়ার দাবি পূরণ না করায় স্বামী পাভেল অন্যত্র বিয়ে করেন। পরে ওই বিয়ের কথাও অস্বীকার করে তাঁর পরিবার। স্বামীর স্বীকৃতি ও বিয়ের কাবিননামা পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন হাসিবা। স্বামী, শ্বশুর, শাশুড়ি, ভাসুরের স্ত্রী ও বিয়ের কাজীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন তিনি। আদালত অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হাসিবা আক্তার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের বাসিন্দা। চলতি বছরের ৩ এপ্রিল সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের গোলজার হোসেনের সৌদি প্রবাসী ছেলে পাভেলের সঙ্গে তাঁর বিয়ে হয়। দুই পরিবারের প্রায় শতাধিক মানুষের উপস্থিতিতে মুঠোফোনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়েতে স্থানীয় মসজিদের ইমাম বিয়ে পড়ান। এ সময় স্থানীয় নিকাহ রেজিস্ট্রার ফয়সাল ইসলাম তাঁর সরকারি নিকাহ রেজিস্টারে কনের স্বাক্ষর নেন। পাভেল বিদেশ থেকে দেশে ফেরার পর তাঁর স্বাক্ষর নেওয়ার কথা ছিল।
বিয়ের পর পাভেলের পরিবারের সদস্যরা হাসিবা আক্তার পুত্রবধূ হিসেবে নিজেদের বাড়িতে নিয়ে যান। সেখানে প্রায় দুই মাস অবস্থান করেন তিনি। এ সময় শ্বশুর, শাশুড়ি ও ভাসুরের স্ত্রী লিজাসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাঁর স্বাভাবিক পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে।
এজাহারে বলা হয়, গত ৩০ জুলাই হাসিবার বাবা নুরুল আমিন সৌদি আরবে অবস্থানকালে মারা যান। পরে ৪ সেপ্টেম্বর পাভেল দেশে ফেরেন। ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসিবার বাবার বাড়িতে স্বামী হিসেবে অবস্থান করেন।
অভিযোগ রয়েছে, পাভেলের পরিবার হাসিবা আক্তারের পরিবারের সঙ্গে যোগাযোগ করে যৌতুক হিসেবে পাভেলের ঘর সাজিয়ে দেওয়ার পাশাপাশি হাসিবাকেও সাজিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। হাসিবার পরিবার আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে জানায়, বিয়ের আগে এমন কোনো শর্তের কথা বলা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ২৪ সেপ্টেম্বর পাভেলকে অন্যত্র বিয়ে করানো হয় বলে অভিযোগ করেন হাসিবা।
বিষয়টি জানার পর হাসিবার পরিবার পাভেলের পরিবারের কাছে জানতে চাইলে তাঁরা দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে বিয়ের সময় হাসিবাকে দেওয়া দুই ভরি স্বর্ণালংকার ফেরত চাইলে তা দিতে অস্বীকৃতি জানানো হয়। একই সঙ্গে পাভেলের সঙ্গে হাসিবার বিয়ে হয়নি বলেও দাবি করে তাঁর পরিবার।
এরপর হাসিবা ও তাঁর পরিবারের সদস্যরা বিয়ের কাবিননামা সংগ্রহ করতে কাজি ফয়সাল ইসলামের কাছে যান। কিন্তু তিনি কাবিননামা দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান হয়নি বলে দাবি হাসিবার। বরং মামলা বা বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে পরিণতি ভালো হবে না! এমন হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের।
এদিকে মামলা করায় ক্ষুব্ধ হয়ে গত রোববার পাভেলের মা ইয়াসমিন কয়েকজনকে সঙ্গে নিয়ে হাসিবাদের বাড়িতে গিয়ে গালিগালাজ করেন এবং মামলা তুলে নিতে চাপ দেন বলে অভিযোগ করেছেন হাসিবার। অন্যথায় পরিণতি ভালো হবে না বলেও হুমকি দেওয়া হয়।
বাদীর আইনজীবি খন্দকার মাজেদুল ইসলাম সম্রাট বলেন, ঘটনাটি খুবই অমানবিক। মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন আদালতকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিয়ের কথা স্বীকার করেন। তার ছেলে পাভেল সপ্তাহ খানেক আগে পূণরায় বিদেশে চলে গেছেন বলে দাবি করেন।
কাজী ফয়সাল ইসলাম বিয়ের কথা স্বীকার করে বলেন, ছেলে পক্ষ আমার সাথে ও মেয়ের পরিবারের সাথে প্রতারণা করেছে। প্রথমতো, ছেলে বিদেশে থাকার বিষয়টি গোপন করেছে। দ্বিতীয়ত, ছেলে বিদেশ থেকে আসার সাথে সাথে আমার কাছে এনে স্বাক্ষর দেওয়া বা আমাকে খবর দিলে আমি গিয়ে স্বাক্ষর নিব এমন কথা ছিল কিন্তু ছেলে বিদেশ থেকে আসার পর নাকি বিয়েও করেছে যা আমাকে জানানো হয়নি।
নারায়ণগঞ্জ পিবিআই তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) অপু দে জানান, রোববার বাদির মেডিকেল সম্পন্ন হয়েছে। মেডিকেল প্রতিবেদন পাওয়ার পর আদালতে জমা দিব। মামলা তদন্তনাধীন থাকায় বেশি তথ্য দেওয়া সম্ভব নয়।