বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই চিকিৎসার প্রয়োজনে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার নিতে পারবেন একজন বাংলাদেশি। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ-২ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন বিভাগের পরিচালক মুনিরা ইসলাম।
সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। এর বেশি অর্থ পাঠাতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।
এ ছাড়া বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনার খরচ পাঠাতেও পূর্বানুমোদন ছাড় দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট দেশে বিনা মূল্যে শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।
পাশাপাশি সার্টিফিকেশন, পেশাগত কোর্স এবং চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত অ্যাকাডেমিক শিক্ষা কার্যক্রমের খরচ পাঠানোর ক্ষেত্রেও অনুমোদিত ডিলার ব্যাংকগুলো পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।
অন্যদিকে, বিদেশ থেকে দেশে বৈদেশিক মুদ্রা এনে আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত (আরএফসিডি) হিসাবে জমা রাখতে হলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সিদ্ধান্ত কার্যকর করতে বৈদেশিক মুদ্রা বিনিময়সংক্রান্ত বিধিবিধান সংশোধন করা হবে। তবে অন্যান্য বিদ্যমান নির্দেশনা অপরিবর্তিত থাকবে।