দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং জ্বালানি ও প্রতিরক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্য নিয়ে তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এ সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, সামরিক প্রযুক্তি এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে ঢাকা ও আঙ্কারার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তুরস্কের আনতালিয়ায় আনতালিয়া এক্সপো সেন্টারে ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১। সম্মেলনের ১১ ও ১২ নভেম্বর উচ্চপর্যায়ের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলন শেষে ১২ নভেম্বর ঢাকার উদ্দেশে তুরস্ক ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে।
বিশেষ করে রোহিঙ্গা সংকট, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক ইস্যু আলোচনায় গুরুত্ব পাবে। সফরকে কেন্দ্র করে একাধিক দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতিও নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য জলবায়ু অর্থায়ন ও আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করা। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততার মতো সমস্যা মোকাবিলায় বাংলাদেশের বিপুল অর্থায়ন প্রয়োজন।
এ পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলা, পুনর্বাসন এবং অভিযোজন কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর বিষয়ে তুরস্কের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানা গেছে, বৈশ্বিক জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ রক্ষায় বাংলাদেশ ও তুরস্ক যৌথ অবস্থান নিতে পারে। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি স্থানান্তর এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে কারিগরি সহযোগিতার বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও তুরস্কের সহযোগিতা চায় বাংলাদেশ। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ, জ্বালানি অবকাঠামো উন্নয়ন এবং নবায়নযোগ্য শক্তি উৎপাদনে তুর্কি বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তুরস্কের জ্বালানি অবকাঠামো ও প্রযুক্তিগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের সৌরবিদ্যুৎ ও বায়ুবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি জ্বালানি খাতে প্রযুক্তি বিনিময় ও দীর্ঘমেয়াদি সহযোগিতার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।
বিশেষজ্ঞদের মতে, জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো গেলে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হতে পারে।
প্রধানমন্ত্রীর এ সফরের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হতে পারে প্রতিরক্ষা সহযোগিতা। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক প্রযুক্তি, রাডারব্যবস্থা, ড্রোন এবং আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে তুরস্ক।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে তুরস্কের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, সাঁজোয়া যান এবং নৌ-প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের বিষয়ে আলোচনা হতে পারে।
তবে আলোচনার বিষয় শুধু সামরিক সরঞ্জাম কেনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। বাংলাদেশে যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের কারখানা স্থাপন, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে সামরিক সরঞ্জাম তৈরির সক্ষমতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেতে পারে।
এ ধরনের সহযোগিতা বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হতে পারে।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও প্রধানমন্ত্রীর সফরের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ২০০ কোটি ডলারের কাছাকাছি পৌঁছেছে।
এ বাণিজ্য আরও বাড়াতে নতুন বাজার সৃষ্টি, বিনিয়োগ সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে তৈরি পোশাক, শিল্পপণ্য, অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং যৌথ উদ্যোগে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়েও আলোচনা হতে পারে।
দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা সংকট বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গার নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চায় বাংলাদেশ।
ঢাকার পক্ষ থেকে তুরস্ককে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা ইস্যুতে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হতে পারে। বিশেষ করে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ হিসেবে তুরস্ক যাতে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গাদের অধিকার ও প্রত্যাবাসনের বিষয়টি তুলে ধরে, সে বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
তুরস্ক ইতোমধ্যে ভাসানচর ও টেকনাফে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত রয়েছে। ফলে মানবিক সহায়তার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়ায় কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেতে পারে।
এদিকে তুরস্ক সফরের আগে নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে জনগণ তাঁদের কাছ থেকে শুধু আদেশ-নির্দেশ নয়, মানবিক আচরণও প্রত্যাশা করে। সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, একটি সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অত্যন্ত জরুরি। এ ধরনের গুণাবলি শুধু একজন কর্মকর্তাকে সমৃদ্ধ করে না, বরং রাষ্ট্র ও সরকারকেও সমৃদ্ধ করে।
প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের কর্মস্থল ও কাজের ধরন ভিন্ন হতে পারে। তবে তাঁদের সবার প্রথম ও প্রধান পরিচয় তাঁরা জনপ্রশাসনের কর্মকর্তা। তাঁদের মূল দায়িত্ব জনগণের সেবা করা।
কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিধিবদ্ধ নিয়ম ও আইন মেনে চলার নির্দেশনা দিয়ে তিনি বলেন, কী করা উচিত আর কী করা উচিত নয়, তা কর্মকর্তারা নিজেরাই ভালো জানেন। তবে জানা বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করার সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে চার মাসব্যাপী ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে শীর্ষ ১০ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে জলবায়ু অর্থায়ন, জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা প্রযুক্তি, বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার কেন্দ্রে থাকার কথা। এসব বিষয়ে সমঝোতা ও সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হলে ঢাকা-আঙ্কারা সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হতে পারে।