তানভীর আহাম্মেদ, রিপোর্টার: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
উপজেলার জিয়াখুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ মজিবর রহমানের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে জারি করা এক সরকারি দপ্তরাদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-১২(১) অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে আদেশে উল্লেখ করা হয়, উক্ত শিক্ষকের বিরুদ্ধে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের তদন্তে অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়া গেছে।
তদন্তকালে বিদ্যালয়টিতে মোট ৫৬ জন শিক্ষার্থীর বিপরীতে মাত্র ১৪ জন শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া যায়, যা সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের শামিল। এছাড়া বিদ্যালয়ের নামে দলিলভুক্ত ৩৯ শতাংশ জমি থাকার পরও মাত্র ১৯ শতাংশ জমি জরিপ করা হয়েছে। বাকি জমি দখলে অবহেলা এবং দায়িত্ব পালনে চরম গাফিলতির প্রমাণ মিলেছে।সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে বিধি মোতাবেক তিনি খোরপোষ ভাতা পাবেন।
তবে আদেশে স্পষ্ট করা হয়েছে যে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি তার বর্তমান বাসস্থান বা এলাকা ত্যাগ করতে পারবেন না।আদেশটি জারির তারিখ থেকেই কার্যকর করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।