নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ই-মেইল পেয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ থেকে পাঠানো ই-মেইলটি পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে হাইকমিশন।
সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান ঢাকা পোস্টকে ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামের আইনজীবী প্রতিষ্ঠানটি তাঁর নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানিয়ে ই-মেইল পাঠিয়েছে।
তবে আবেদনটি সত্যিই শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি হাইকমিশন। কারণ, ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র সংযুক্ত ছিল না। ফলে আইনজীবী প্রতিষ্ঠানটির দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলে একজন আইনজীবী নিজেকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন। সেখানে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র সরবরাহ করবে না। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর নির্ধারিত সাজা কার্যকর করতে চায় সরকার।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে সাম্প্রতিক এই যোগাযোগ তাঁর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।