আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলসহ পাকিস্তান, মিসর ও জর্ডানকে দেওয়া মার্কিন আর্থিক ও সামরিক সহায়তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন সিনেটর আবদুল আল-সায়েদ। তাঁর মতে, যেসব দেশ মার্কিন সহায়তার অর্থ ব্যবহার করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তাদের পেছনে করদাতাদের অর্থ ব্যয় করা উচিত নয়।
সম্প্রতি মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে সিনেটর নির্বাচিত হন ডেমোক্র্যাট দলের আল-সায়েদ। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম ব্যক্তি হয়েছেন।
এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-সায়েদ বলেন, কোনো দেশকে অর্থ সহায়তা দেওয়ার পর সেই অর্থ ব্যবহার করে দেশটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে বিষয়টি নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। এ নীতি শুধু ইসরায়েলের ক্ষেত্রে নয়, মিসর, পাকিস্তান ও জর্ডানের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকেও নিজেদের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে।
আল-সায়েদের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনার কথা জানিয়েছেন। ইসরায়েলকে সামরিক সহায়তা কমানোর বিষয়ে ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেছেন নবনির্বাচিত এই সিনেটর। পাশাপাশি দেশটির কাছে মার্কিন অস্ত্র বিক্রির ওপর বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়েছেন তিনি।
আল-সায়েদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা কিছু অস্ত্র গণহত্যা ও বর্ণবাদী কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। এ ধরনের গুরুতর অপরাধে ব্যবহৃত হতে পারে, এমন অস্ত্র ইসরায়েলের কাছে বিক্রি বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমানে একটি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরায়েলকে ৩৮০ কোটি ডলার সামরিক সহায়তা দিয়ে থাকে। ২০২৮ সাল পর্যন্ত এ চুক্তি কার্যকর থাকার কথা রয়েছে।
তবে আল-সায়েদের সমালোচনা শুধু ইসরায়েলকে ঘিরে নয়। মিসর, সৌদি আরব, জর্ডান ও পাকিস্তানকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, বিদেশি সামরিক খাতে অর্থ ব্যয়ের পরিবর্তে মার্কিন করদাতাদের অর্থ দেশের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা উচিত।
পাকিস্তানকে আন্তর্জাতিক আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি নিয়েও দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে ভারত। নয়াদিল্লির আশঙ্কা, আন্তর্জাতিক ঋণ কর্মসূচির অর্থ আন্তসীমান্ত সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কিংবা সামরিক কর্মকাণ্ডে ব্যবহার করতে পারে ইসলামাবাদ।
এ কারণে পাকিস্তানকে দেওয়া আন্তর্জাতিক সহায়তার ক্ষেত্রে সন্ত্রাসবাদে অর্থায়ন এবং ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) নিয়ম মানার বিষয়টি গুরুত্ব দেওয়ার দাবি জানিয়ে আসছে ভারত।
এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মাধ্যমে পাকিস্তানকে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল নয়াদিল্লি। তবে ভারতের আপত্তি উপেক্ষা করে আইএমএফ পাকিস্তানের ঋণ কর্মসূচির পর্যালোচনা অনুমোদন করে এবং অর্থ ছাড় করে।