সাংবাদিককে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনি নোটিশ পাওয়ার পর নতুন ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। একই সঙ্গে তাঁকে অপদস্থ ও বয়কটের ডাক দেওয়া ব্যক্তিদের কাছে পাল্টা ক্ষমা চাওয়ার প্রশ্ন তুলেছেন তিনি।
সোমবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে পরীমনি বলেন, কাউকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা যায় না। তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, বয়কটের ডাক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কাজ না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভিডিওতে পরীমনি বলেন, কাউকে হুমকি বা অপদস্থ করে ক্ষমা চাওয়ানো সম্ভব নয়। তাঁর একটি গালির জন্য ক্ষমা চাওয়ার দাবি তোলা হলেও তাঁকে যেভাবে অপমান করা হচ্ছে, সেগুলোর জন্য অন্যরা ক্ষমা চাইবেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
এর আগে রোববার দিবাগত রাতে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে ফেসবুক লাইভে এসে নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন পরীমনি। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথাও জানান তিনি।
ঘটনার সূত্রপাত ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন পাওয়ার পর ছবি ও ভিডিও ধারণের সময় পরীমনির নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। অন্যদিকে পরীমনি অভিযোগ করেন, ওই সাংবাদিক তাঁকে স্পর্শ করেছেন।
পরে রবিউল হোসাইন পরীমনির বিরুদ্ধে গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন। এ ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে আইনি নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।