বুকার পুরস্কারের ইতিহাসে প্রথমবারের মতো সায়েন্স ফিকশন লেখক হিসেবে পুরস্কার জিতেছেন ব্রিটিশ সাহিত্যিক এম জন হ্যারিসন। ৮১ বছর বয়সী এই লেখক তাঁর ‘দ্য এন্ড অব এভরিথিং’ উপন্যাসের জন্য ২০২৬ সালের বুকার পুরস্কার পেয়েছেন। একই সঙ্গে সবচেয়ে বেশি বয়সে বুকার জয়ের রেকর্ডও গড়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হ্যারিসনের জন্য এটি ছিল বুকার পুরস্কারের প্রথম মনোনয়ন। প্রথমবার মনোনয়ন পেয়েই পুরস্কার জিতে চমক দেখিয়েছেন তিনি। লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে ৫০ হাজার পাউন্ডের পুরস্কারের চেক তুলে দেওয়া হয়। গত বছরের বিজয়ী ডেভিড সালাই তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
লেখকের ১৩তম উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর কাহিনি আবর্তিত হয়েছে ইংল্যান্ডের কেন্ট উপকূলকে ঘিরে। উপন্যাসে এক রহস্যময় বিপর্যয় এবং ‘আই-ঘেত্তি’ নামের রূপ পরিবর্তনকারী প্রাণীর আগমনের পর এক সৈকতে জিনিসপত্র কুড়ানো ব্যক্তি ও তাঁর বয়স্কা ফুফুর বেঁচে থাকার সংগ্রাম তুলে ধরা হয়েছে।
মাত্র ১৯২ পৃষ্ঠার বইটি এবারের বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় থাকা ছয়টি উপন্যাসের মধ্যে সবচেয়ে ছোট ছিল।
ইতিহাসবিদ ও উপস্থাপক মেরি বিয়ার্ডের নেতৃত্বে গঠিত বিচারক প্যানেল মোট ১৬৩টি বই পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে হ্যারিসনের উপন্যাসটিকে বিজয়ী হিসেবে বেছে নেয়।
বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গ্যাবি উড বলেন, এর আগে অনেক পুরস্কারজয়ী লেখক তাঁদের উপন্যাসে কল্পবিজ্ঞানের উপাদান ব্যবহার করেছেন। তবে হ্যারিসনই প্রথম, যিনি প্রকৃত সায়েন্স ফিকশন সাহিত্য নিয়ে বুকার জিতলেন। কয়েক দশকের সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে এই জয়কে ঐতিহাসিক বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে ২০১৯ সালে ৭৯ বছর বয়সে ‘দ্য টেস্টামেন্টস’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার জিতেছিলেন কানাডীয় লেখক মার্গারেট অ্যাটউড। এবার ৮১ বছর বয়সে পুরস্কার জিতে তাঁর সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন হ্যারিসন।
এদিকে প্রকাশনা সংস্থা প্রোফাইল বুকসের প্রকাশনা প্রতিষ্ঠান সার্পেন্টস টেইলের জন্যও এটি প্রথম বুকার জয়। এর আগে প্রতিষ্ঠানটি পাঁচবার এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল।
উল্লেখ্য, গত বছর ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার জিতেছিলেন ডেভিড সালাই। সাম্প্রতিক বছরগুলোতে এই পুরস্কার পেয়েছেন সামান্থা হার্ভে, পল লিঞ্চ ও শেখান করুণাতিলকার মতো লেখকেরা।