বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের সঙ্গে যুক্ত হচ্ছেন। দলটির হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে লাহোর কালান্দার্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের ক্রিকেটারদের দক্ষতা উন্নয়ন, কোচিং কার্যক্রম পরিচালনা এবং তরুণ প্রতিভাদের বিকাশে দিকনির্দেশনা দেবেন বুলবুল। ক্রিকেটের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি।
বিসিবি সভাপতি হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট উন্নয়ন বিভাগে কাজ করেছেন বুলবুল। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। একই সময়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট উন্নয়ন কর্মকর্তার দায়িত্বও সামলেছেন।
বিসিবি সভাপতি থাকাকালে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। এ ছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও আলোচনায় ছিল।
খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আমিনুল ইসলাম বুলবুল। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেন তিনি। ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করে দেশের ক্রিকেট ইতিহাসে বিশেষ জায়গা করে নেন সাবেক এই ডানহাতি ব্যাটার।