বাবা-মেয়ের মিষ্টি সম্পর্কের এক সুন্দর উদাহরণ বলিউড অভিনেতা রণবীর কাপুর ও তাঁর মেয়ে রাহা কাপুর। কাজের ব্যস্ততা যতই থাকুক, মেয়ের জন্য সময় বের করতে ভোলেন না এই অভিনেতা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মেয়ের সঙ্গে কথা বলেন তিনি। সারা দিনে কী ঘটেছে, কোন ঘটনায় আনন্দ পেয়েছে আর কোন ঘটনায় মন খারাপ হয়েছে—সবকিছু মন দিয়ে শোনেন রণবীর।
সম্প্রতি মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানির সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়ে ছেলে ও নাতনির সম্পর্কের এমন মিষ্টি অভ্যাসের কথা জানিয়েছেন অভিনেত্রী নীতু কাপুর।
নীতু জানান, প্রতিদিন রাতে রাহাকে ঘুমাতে যাওয়ার আগে দুটি প্রশ্ন করেন রণবীর। সারা দিনে কোন ঘটনা তাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে এবং কোন ঘটনায় তার মন খারাপ হয়েছে, তা জানতে চান তিনি। ছোট্ট রাহাও নিজের মতো করে বাবার প্রশ্নের উত্তর দেয়।
সন্তানের সঙ্গে এমন কথোপকথনকে দারুণ বলে মনে করেন নীতু। তাঁর মতে, এভাবে কথা বললে শিশুরা নিজেদের অনুভূতি প্রকাশের সুযোগ পায়। এতে বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কও আরও গভীর হয়।
তবে রণবীরের এই রাতের কথোপকথনেই একদিন ঘটে মজার ঘটনা। নীতু জানান, একবার বাড়িতে আরতি করার সময় অসাবধানতাবশত রাহার মাথায় ধাক্কা লাগে। এতে মন খারাপ হয় ছোট্ট মেয়েটির।
ঘটনাটি সেদিনের মতো শেষ হলেও রাতে বাবার কাছে মনের কথা বলতে গিয়ে দিদার বিরুদ্ধে নালিশ করে রাহা। বিষয়টি শুনে রণবীর সঙ্গে সঙ্গে মাকে ফোন করেন।
নীতুর ভাষ্য অনুযায়ী, ফোন করে রণবীর বলেন, ‘মা, তুমি আমার মেয়ের মাথায় মেরেছ!’ ছেলের এমন অভিযোগ শুনে নীতুও নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি জানান, আরতি করার সময় রাহা নিচে আসতে গিয়ে মাথায় ধাক্কা খেয়েছিল। ইচ্ছা করে নাতনিকে আঘাত করার কোনো ঘটনা ঘটেনি।
ছোট্ট একটি ঘটনা হলেও বাবা-মেয়ের সম্পর্কের পাশাপাশি রণবীরের মেয়ের প্রতি যত্ন ও দায়িত্ববোধের বিষয়টি সামনে এনেছে নীতুর এই স্মৃতিচারণ।