বয়স বাড়ার সঙ্গে চেহারায় পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। তবে তারকাদের ক্ষেত্রে বয়সের ছাপ লুকানোর প্রবণতা বেশি দেখা যায়। এই প্রবণতার সঙ্গে একমত নন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। বয়স লুকানোর চেষ্টার চেয়ে শরীর ও মনের সুস্থতাকেই বেশি গুরুত্ব দেন তিনি।
সম্প্রতি সাংবাদিক বরখা দত্তের সঙ্গে ‘মোজো স্টোরি’র এক আলাপচারিতায় বোটক্স ও কসমেটিক সার্জারি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন কারিনা।
এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি বোটক্সের ঘোর বিরোধী। আমি নিজের যত্ন নেওয়ার পক্ষে, তবে সেটি হতে হবে স্বাস্থ্যকর উপায়ে। সুস্থ থাকা এবং প্রাকৃতিক পদ্ধতিতে নিজের যত্ন নেওয়াই আমার কাছে গুরুত্বপূর্ণ।’
কারিনার কাছে নিজের যত্ন নেওয়া মানে শুধু ত্বকের পরিচর্যা কিংবা সৌন্দর্য ধরে রাখা নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানসিক প্রশান্তি, নিজের প্রতিভার বিকাশ এবং কাজের বাইরেও একটি পরিপূর্ণ জীবন উপভোগ করা। তাঁর মতে, ইনজেকশন কিংবা অস্ত্রোপচারের মাধ্যমে তারুণ্য ধরে রাখার চেয়ে সুস্থ শরীর ও মন বজায় রাখা বেশি জরুরি।
বয়সকে স্বাভাবিকভাবে গ্রহণ করার পক্ষেও নিজের মতামত তুলে ধরেন এই অভিনেত্রী। তাঁর মতে, বয়স বাড়ার সঙ্গে মানুষের অভিজ্ঞতা, চিন্তাভাবনা ও জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে। সেই পরিবর্তনকে অস্বীকার না করে জীবনের প্রতিটি পর্যায় উপভোগ করা উচিত।
কথোপকথনে তরুণীদের বয়স নিয়ে অতিরিক্ত উদ্বেগের বিষয়টিও তুলে ধরেন কারিনা। তাঁর মতে, অনেক তরুণীই ১৮ কিংবা ২০ বছরের বেশি বয়সী দেখাতে চান না। বিষয়টিকে উদ্বেগজনক মনে করেন তিনি।
নিজের বয়সের প্রসঙ্গ টেনে কারিনা বলেন, চল্লিশের কোঠায় এসে জীবনের সবচেয়ে উপভোগ্য সময় কাটাচ্ছেন তিনি। নিজেকে আগের চেয়ে ভালো অনুভব করছেন এবং অভিনয়ের ক্ষেত্রেও আরও পরিণত হয়েছেন বলে মনে করেন এই অভিনেত্রী।
৪৬ বছর বয়সী কারিনা কাপুরের অভিনয়জীবন প্রায় আড়াই দশকের। ‘কাভি খুশি কাভি গাম’, ‘জব উই মেট’, ‘থ্রি ইডিয়টস’ ও ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমায় পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয় করেছেন কারিনা।