রাতের খাবার শেষ করার আধঘণ্টা পরই আবার রান্নাঘরের আলমারি কিংবা ফ্রিজে খাবার খোঁজার অভ্যাস অনেকেরই রয়েছে। পেট ভরা থাকলেও মিষ্টি, চকলেট কিংবা হালকা স্ন্যাকস খেতে ইচ্ছে করে। গবেষণা বলছে, প্রতি তিনজনের একজন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে কোনো না কোনো খাবার খোঁজেন। ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে এই প্রবণতা আরও বেশি।
ডায়েটিশিয়ান ডা. ক্রিস্টিন বৌলিয়ুর মতে, ঘুমানোর কাছাকাছি সময়ে খাবার খাওয়ার অভ্যাস ওজন বৃদ্ধি এবং স্থূলতার ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। তাই রাতের খাবারের পর বারবার স্ন্যাকস খাওয়ার প্রবণতাকে অবহেলা করা উচিত নয়।
রাতে ক্ষুধা বাড়ে কেন?
বিশেষজ্ঞদের মতে, সারাদিনে কতটা খাবার খাওয়া হয়েছে, তার ওপর নির্ভর না করেই সন্ধ্যার দিকে মানুষের ক্ষুধা স্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। ঘুমের সময় দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে হয় বলে শরীরের জৈবিক ছন্দও সন্ধ্যার ক্ষুধা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
ইউনিভার্সিটি অব বাথের অধ্যাপক জেমস বেটস জানিয়েছেন, মানুষের শরীরের বিপাকীয় প্রক্রিয়া ও শক্তি ব্যবহারের সঙ্গে ক্ষুধার এই প্রবণতার সম্পর্ক রয়েছে।
এ ছাড়া দিনের বেলায় পর্যাপ্ত খাবার না খাওয়া, মানসিক চাপ, একঘেয়েমি এবং ঘুমের অনিয়ম রাতের খাবারের প্রতি আকর্ষণ বাড়াতে পারে। বিশেষ করে টেলিভিশন দেখা বা মোবাইল ব্যবহারের সময় অজান্তেই অতিরিক্ত খাবার খাওয়ার অভ্যাস তৈরি হয়।
রাতের খাবারের অভ্যাস নিয়ন্ত্রণ করবেন যেভাবে
1. রাতের খাবারে পর্যাপ্ত প্রোটিন ও আঁশযুক্ত খাবার রাখুন। এতে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে।
2. দিনের বেলায় দীর্ঘ সময় না খেয়ে থাকবেন না। নির্দিষ্ট সময়ে পরিমিত খাবার গ্রহণ করুন।
3. ঘুমানোর ঠিক আগে ভারী খাবার ও অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলুন।
4. মানসিক চাপ কমাতে নিয়মিত হাঁটাহাঁটি ও শরীরচর্চা করুন।
5. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ঘুমের অনিয়ম ক্ষুধা নিয়ন্ত্রণে প্রভাব ফেলতে পারে।
6. সত্যিকারের ক্ষুধা লাগলে অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবারের পরিবর্তে ফল, টক দই বা অল্প বাদাম খেতে পারেন।
মনে রাখবেন, রাতে ক্ষুধা লাগা সব সময় খারাপ অভ্যাসের লক্ষণ নয়। তবে পেট ভরা থাকার পরও নিয়মিত অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা থাকলে খাদ্যাভ্যাস ও ঘুমের রুটিনে পরিবর্তন আনা জরুরি। প্রয়োজন হলে পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন।